শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ১০:১৫:২৯
মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে জাটকা বিক্রি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মার্চ-এপ্রিল মাসজুড়ে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জাটকা বিক্রি করা হচ্ছে। বিশেষ করে উপজেলার ষাটনল, একলাসপুর ও নিশ্চিন্তপুর হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন। ক্রেতারাও আগ্রহ নিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। অথচ সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সেগুলো স্থানীয় হাটবাজারে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, প্রতিদিনই কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করে। তাদের ধরা জাটকা কয়েকজন ব্যবসায়ী বিভিন্ন স্থানে হাঁকডাক দিয়ে বিক্রি করেন। নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ প্রশাসনের লোকজন এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয়রা মেঘনা নদীসহ আশপাশের হাটবাজারে নিয়মিত অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থলভাগে এ বিষয়ে আমাদের তেমন কিছু করার সুযোগ নেই।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার বলেন, জাটকা সংরক্ষণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।