ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ০৮:০০:৪৩
ছাতকে পুলিশের জালে অনলাইন জুয়ার চক্র, আটক ৪
সুনামগঞ্জের ছাতকে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২) ধারায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ছাতকের কৈতক গ্রামের মৃত হানুর মিয়ার ছেলে রাজীব আহমদ (২৬), জাউয়া কোনাপাড়া গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে সালেহ আহমদ (২৯), মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকার ময়নুল হকের ছেলে নাজমুল হক ওরফে সোহেল (২৮) এবং গোবিন্দনগর এলাকার মৃত জবান আলীর ছেলে আব্দুস সোবহান (৩৬)।
পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-২০(৫)২৬, জিআর-১৩৬/২৬ এবং মামলা নং-১৯(৫)২৬, জিআর-১৩৫/২৬ এর তদন্ত ও বিশেষ অভিযানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার বলেন, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।