কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ রাত ০৮:২১:১২
চ্যানেল এস টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাগরের নামে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি
চ্যানেল এস টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর (মো. মাইনুল ইসলাম সাগর)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী ঝাকুয়াটারী গ্রামের শামীম হোসেন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ২০১৯ সালের নভেম্বর থেকে অদ্যাবধি সাগরের বিরুদ্ধে ভুয়া ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন। এতে তাকে ‘ভুয়া সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
গত ১৯ মার্চ সাগর নাগেশ্বরী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি সাধারণ ডায়েরি করেন। জিডির সঙ্গে বিভিন্ন প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফেসবুক পোস্টের স্ক্রিনশট, সংশ্লিষ্ট সংবাদ কপিসহ অন্যান্য নথিপত্র।
অভিযোগে আরও বলা হয়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ সংগ্রহের জেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। এমনকি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এম এস সাগর জানান, তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে।