গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:৩৩
গোপালগঞ্জে ‘ব্রাজিল মোড়’, পাল্টা এক হাজার ফুটের আর্জেন্টিনা পতাকা
উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারসংলগ্ন জান্নাত মোড়ে ব্রাজিল সমর্থকরা বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকার পাশাপাশি ৫০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন। এছাড়া ব্রাজিল দলের তারকা ফুটবলারদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো মোড়টি। গ্রামের অধিকাংশ তরুণ-যুবক ব্রাজিলের সমর্থক হওয়ায় আনুষ্ঠানিকভাবে মোড়টির নাম দেওয়া হয়েছে ‘ব্রাজিল মোড়’।
ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, “আমরা ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসি। সেই ভালোবাসার প্রতীক হিসেবেই এই মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ রাখা হয়েছে। এখানে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকার পাশাপাশি ৫০ ফুট দীর্ঘ একটি পতাকাও টাঙানো হয়েছে।”
আরেক সমর্থক বর্ণ রহমান বলেন, “আমাদের গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষ ব্রাজিলের সমর্থক। তাই সবার মিলনস্থল হিসেবে এই মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ রাখা হয়েছে। আশা করি এবার ব্রাজিল বিশ্বকাপ জিতে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হেক্সা মিশন পূরণ করবে।”
অন্যদিকে ব্রাজিল সমর্থকদের এই আয়োজনের পাল্টা জবাব দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরাও। তারা এলাকাজুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনা দলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে বিভিন্ন স্থান সাজিয়ে তুলেছেন।
আর্জেন্টিনা সমর্থক মো. নাজমুল শেখ বলেন, “ব্রাজিল ভক্তরা মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ দিলেও আমরা পিছিয়ে নেই। এক হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে আমরা আমাদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছি। আশা করি এবারও আর্জেন্টিনাই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।”
বিশ্বকাপকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের এমন ব্যতিক্রমী আয়োজন কাশিয়ানীজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাচ্ছেন। ফুটবলকে ঘিরে এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।