মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর সদর প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ দুপুর ১২:২০:৫৭
মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী গ্রামে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ১৫ নম্বর নরসিংহপুর ইউনিয়নের কুশাখালী গ্রামের বাসিন্দা মোছা. জোসনা বেগমকে তার ছেলে মো. মালেক হোসেন ও পুত্রবধূ ফাতেমা বেগম পারিবারিক বিরোধের জেরে মারধর করেন। একপর্যায়ে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় জোসনা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. রাকিব হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত মো. মালেক হোসেন (৪৫) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।