মো: আলমগীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:১০:৫৪
নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘুষির আঘাতে হানিফ মিয়া (৫০) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে নবীনগর পৌর এলাকার মনুবাবুর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেয়া নৌকায় উঠার সময় বসা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে একই এলাকার এলেম খাঁর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তর্কের জেরে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “আমি শুনেছি খেয়াতে তর্কাতর্কির এক পর্যায়ে হানিফ মিয়া স্টোক করে মারা গেছেন।”
ঘটনার পর থেকে অভিযুক্ত এলেম খাঁ পলাতক রয়েছে বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামান্য বিষয় নিয়ে তর্কের জেরে একজন অচেতন হয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।