মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ রাত ১০:৩৯:১৪
নাম-ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, সদর থানায় জনি আহমদের জিডি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগে মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদল নেতা জনি আহমদ।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ব্যক্তিগত ফেসবুক আইডি স্ক্রল করার সময় তিনি দেখতে পান, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
অভিযোগে বলা হয়, “Moulvibazar-3200” নামের একটি ফেসবুক পেজসহ বিভিন্ন আইডি ও পেজ থেকে তাকে ‘কিশোর গ্যাংয়ের গডফাদার’ উল্লেখ করে বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
জনি আহমদ অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার এবং তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ কারণে ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি নথিভুক্ত রাখতে তিনি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মৌলভীবাজার সদর থানার ডিউটি অফিসার এস এম আশরাফুল কবীর জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। জিডি নম্বর ৮০২, তারিখ ১৩ মার্চ ২০২৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর 6HV9M3। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।