মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৮:০২
কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৪,৬০৮ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট আটক
মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট আটক করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
শনিবার (২৬ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা মূল্যের মোট ৪,৬০৮ প্যাকেট সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আওতাধীন বিওপিগুলো কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে। মাদক ও অবৈধ পণ্য চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলে জানায় বিজিবি।
সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।