মোঃ সুমন মিয়া, বন্দর প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ রাত ০৭:২৩:৩১
বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) সকালে প্রধান ফিলিং স্টেশনের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম খাদিজা আক্তার (২৮), তিনি ফতুল্লার মাসদাইর (ঘোষবাগ জামালের গ্যারেজ) এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে নারী কনস্টেবলের সহায়তায় তাকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় গাঁজার ব্যবসা করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, খাদিজার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় অন্তত তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।