মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:০১
কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে "প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)" প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. মামুনুর রশীদ।
সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, PARTNER প্রকল্পের মাধ্যমে আধুনিক ও পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের আয়োজনকে কৃষির উন্নয়ন ও টেকসই গ্রামীণ অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।