মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪৮:৩৯
টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত বাংলা নববর্ষ ১৪৩৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশী বাছার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদ হোসেন এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
এছাড়াও আয়োজনের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা-ভাতসহ বিভিন্ন বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।