নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৭:১৬
হাজীগঞ্জ-নবীগঞ্জ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লাখো মানুষ
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ হাজীগঞ্জ থেকে নবীগঞ্জ ফেরিঘাট সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে সড়কটির অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছে যে, সুস্থ মানুষও এই পথে চলাচল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
জানা যায়, ৩০০ শয্যা হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন প্রায় দুই লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এর মধ্যে রয়েছেন শিক্ষার্থী, বৃদ্ধ, কৃষক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসীর জানান, গত ৬ থেকে ৭ বছরেও এই সড়কের কোনো স্থায়ী সমাধানমূলক সংস্কার কাজ করা হয়নি। ফলে খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ভোগ।
এলাকাবাসী আরও জানান, সড়কটি নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকায় দীর্ঘদিন ধরে সংস্কার কাজ ঝুলে আছে।
তবে সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শাখাওয়াত হোসাইন খান দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসীরা আশা করছেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।