শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬ রাত ১০:৩৮:৩৩
কসবা চৌমুহনীতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় অবস্থিত মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন-এ মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুর আনুমানিক ২টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মো. সামস তাবরেজের প্রসিকিউশনের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে ফিলিং স্টেশনের অকটেন, পেট্রোল ও ডিজেল—এই তিনটি পাম্পের পরিমাপ পরীক্ষা করা হয়। পরিদর্শনে দেখা যায়, ডিজেল পাম্পের মেশিন রিডিং অনুযায়ী প্রতি লিটার ডিজেলে নির্ধারিত সহনীয় মাত্রার (টলারেবল লেভেল) চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।
এ অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট আইনে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সেবার মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।