বিদ্যুৎ সংযোগে অনিয়ম
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩ মে ২০২৬ রাত ০৮:৪৪:২৮
মৌলভীবাজারে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তিনজনের বিরুদ্ধে
মৌলভীবাজারে বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তিনজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শাকিল, শরিফুল ও আজিজুল নামের তিন ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসী এক পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
গত কিছুদিন আগে সোনাপুর এলাকায় প্রবাসী এক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এ তিন ব্যক্তির কাছে টাকা নেন। অভিযোগে বলা হয়, তারা বিদ্যুৎ সংযোগের জন্য অতিরিক্ত টাকা দাবি করেন। প্রবাসীর আত্মীয় বিষয়টি জানিয়ে মৌলভীবাজার থানা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মাদ সাব্বিরের কাছে অভিযোগ করেন।
এ ঘটনায় থানা পুলিশ শাকিলকে আটক করলে, দ্রুত সমাধান দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মাদ সাব্বির বিদ্যুৎ অফিসের আলামিনকে দায়িত্ব দেন। আলামিন অভিযোগকারী ও অভিযুক্তদের নিয়ে ঘটনাটি সমাধান করেন। ফলস্বরূপ, ৮০ হাজার টাকা ফেরত দেওয়া হয়, এবং থানায় মামলা প্রত্যাহারের জন্য উভয় পক্ষ থেকে ৩০ হাজার টাকা নেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত শাকিল জানান, "এখানে আমাদের কোনও দোষ নেই, শরিফুলই আমাদের বলেছিল বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ৮০ হাজার টাকা দেবে।" তবে শরিফুল ও আজিজুল নিজেদের দোষ স্বীকার না করলেও, তারা দাবি করেন যে, তাদের মিথ্যা পথে পরিচালিত করা হয়েছিল।
অভিযোগকারীর সাথে আসা একজন জানান, "বিদ্যুৎ অফিসের আলামিন সমাধান করে শাকিল, শরিফুল ও আজিজুলের কাছ থেকে ৮০ হাজার টাকা ফেরত নিয়েছেন এবং তাদের ওপর জরিমানা আরোপ করা হয়েছে।"
এদিকে, সমাজের সচেতন নাগরিকরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী একটি নতুন বিদ্যুৎ মিটার সংযোগের জন্য প্রায় ১০ হাজার টাকা ফি নির্ধারিত থাকলেও, বাস্তবে তা কয়েকগুণ বাড়িয়ে নেওয়া হচ্ছে। তারা প্রশ্ন তুলেছেন, "এত বড় অনিয়মের পরেও কেন বিদ্যুৎ বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না?"
বিদ্যুৎ অফিসের আলামিন বলেন, "আমরা শাকিল, শরিফুল ও আজিজুলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে। তবে, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।"
এ ঘটনায় মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মাদ সাব্বির বলেন, "আমি বিষয়টি দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দিয়েছি। তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"