ফকির আতিয়ার রহমান, রামপাল প্রতিনিধি:
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ১০:১১:৫৮
রামপালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাটের রামপালেও উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ মেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে রামপাল।