নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ রাত ০৭:৫৩:১০
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ ক্লিনিক সিলগালা, ৫ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিন। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ অস্বাস্থ্যকর রাখা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মানলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।