নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ দুপুর ০১:১৫:১৮
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রূপসী এলাকায় অবস্থিত ভূঁইয়া ফেব্রিক্স লিমিটেড প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন তারাব পৌর বিএনপির নেতা মোস্তাফা মনোয়ার ভূঁইয়া (শাওন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা মনোয়ার ভূঁইয়া (শাওন)। এ সময় আরও উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কারখানার শ্রমিকরা একসঙ্গে বসে দোয়া ও ইফতারে অংশ নেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা মনোয়ার ভূঁইয়া (শাওন) বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংসদে যোগ দিয়েছেন। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং এলাকার মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।