মো. বনি আমিন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৩:৪১
কেন্দ্র পরিবর্তনের দাবিতে মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
ভোলার মনপুরায় আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। পরে মনপুরা প্রেসক্লাবের সামনে হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত কেন্দ্র তাদের বাসস্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হবে। যানবাহন সংকট, ঝুঁকিপূর্ণ সড়ক এবং নিরাপদ আবাসনের অভাবের কারণে তারা কেন্দ্র পরিবর্তনের দাবি জানান।
তারা আরও বলেন, নতুন বেড়িবাঁধ নির্মাণের কারণে অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে, ফলে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত কেন্দ্র তাদের জন্য নিরাপদ নয় বলেও উল্লেখ করেন তারা।
শিক্ষার্থীরা দাবি করেন, নির্ধারিত কেন্দ্র পরিবর্তন করে নিকটবর্তী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হলে নিরাপদ যাতায়াত ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা জানান, কেন্দ্র পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।