সোলায়মান হাসান
প্রকাশ : ১২ মে ২০২৬ দুপুর ১২:৩০:৫৪
সোনারগাঁওয়ে রাস্তার বেহাল দশা: উল্টে গেল আস্থাফিড কোম্পানির মালবাহী গাড়ি, তালতলা-বারদী সড়কে যান চলাচল বন্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহঝমপুর বাজার এলাকায় দীর্ঘদিনের বেহাল সড়কের কারণে আবারও ঘটেছে দুর্ঘটনা। সোমবার (১১ মে) রাত আনুমানিক ১০টার দিকে লাধুরচর এলাকায় আস্তাফিড কোম্পানির একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে তালতলা টু বারদী আঞ্চলিক সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি পশুখাদ্য বহন করে যাচ্ছিল। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ভাঙাচোরা অংশের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের এক পাশে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহঝমপুর বাজারসহ তালতলা-বারদী সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানি জমে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও পণ্যবাহী যান চলাচল করে। কিন্তুু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও শ্রমিকরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া গাড়িটি সরানোর কাজ করেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।