জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ দুপুর ০২:২০:৩৯
নেত্রকোনা মডেল থানার ৪৮ ঘন্টার অভিযানে ৪২ পিস ইয়াবা উদ্ধার
নেত্রকোনা মডেল থানা পুলিশের ৪৮ ঘন্টার অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানা পুলিশ জানা যায়, গত ৬ জুন থেকে ৮ জুন সোমবার পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম দিকনির্দেশনায় এবং নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব।
অভিযানকালে মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চুচুয়াঁ (বাজার) এলাকার সোহেল শেখ (৫০), দাপুনিয়া এলাকার আলমগীর মিয়া (৩৬), সাকুয়া (চেল্লা) এলাকার হাসানুল হক বাবু (৩৮), নলিমপুর (বিলপাড়া) এলাকার প্রদীপ (৪৫) এবং মদনপুর ইউনিয়নের বাঁশা পাড়া এলাকার তিতাস মিয়া (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।