মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ রাত ০৯:৪৮:০৬
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে চৌমুহনা এলাকার লন্ডন রেস্টুরেন্ট, ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্ট ও রিজিক রেস্টুরেন্ট এবং হবিগঞ্জ রোডের নূর ফুডসে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে হবিগঞ্জ রোডের রোদ মিষ্টান্ন ভান্ডারে প্রস্তুতকৃত জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি পাওয়া যায়। ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ উপাদান ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী সার্বিক সহযোগিতা প্রদান করেন।