জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৯:২৫
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে হোড়গাঁতী ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হোড়গাঁতি ব্রিজের ওপরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ জন মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।