মোঃ শাহ্ আলম, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:০১:২০
শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, জব্দ প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোনা এলাকায় ৩৯ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা এসব বডি স্প্রে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত দিয়ে কসমেটিকস, মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টার নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।