ওমর ফারুক সোহাগ, কক্সবাজার
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ০৮:১৩:২৪
রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের রামু থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ সদস্যের একটি ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে রশিদনগর এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদ পাওয়ার পরপরই রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরিচালিত হয়। এ সময় আমির হোসেন ওরফে কালাবশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষ থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন (কালাবশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) এবং শেফায়েত নুর।
অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একাধিক কিরিচ, লোহার রড, পাইপ, কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্রপাতি, ৯টি চকলেট বোমা, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি এবং ৫টি শটগানের কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির নকশা ও বিভিন্ন কারিগরি সরঞ্জামও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।