মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ রাত ১০:০০:০৩
গোপালগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি রোববার সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি নিজামকান্দিতে বেড়াতে যায়।
বৃহস্পতিবার ১২টার দিকে নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ বাড়ির পাশের একটি জঙ্গলে ভেতরে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায় এমন অভিযোগ করে পরিবারটি।
পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে, তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ওই শিশুর খালু (শরিফুল ইসলাম) জানায়, মাঠে ধান কাটা চলছে। পরিবারের সবাই জমি থেকে ধান কাটছে। আমার একটি শিশু সন্তান রয়েছে। বাড়িতে না থাকার কারণে ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা করা হবে।