মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৭:৪৭
বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—তিনজন ব্যক্তি মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম এলাকা থেকে বড়লেখার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৮ এপ্রিল রাতে উত্তর চৌমহুনা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে পুলিশ সদস্যরা ধাওয়া করে মাহমুদ হাসান রাসেলকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।
পরে রাসেলের কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি কালো পলিব্যাগে মোড়ানো ৪ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত রাসেল বড়লেখা থানার বিওসি কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে এবং তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেলসহ তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।