নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:১৯
সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এবারের নির্বাচনে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় এক লাখ সেনাসদস্য ও পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের আগে ও পরে সাত দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী।
নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, নির্বাচনের আগে চারদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দুইদিন করে মোট সাতদিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। ফলে নির্বাচনের পরও কোনো সহিংসতার সুযোগ নেই।
নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাঠ পর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।