মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৯:৩১
নবীনগরে স্বাস্থ্যসেবায় অনিয়মের লাগাম টানতে এমপি মান্নানের কঠোর হুঁশিয়ারি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান নবীনগরে স্বাস্থ্যসেবায় বিদ্যমান অনিয়ম, দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এখানে কোনো ধরনের প্রভাব, পরিচয় বা স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, “নবীনগরে কোনো সিন্ডিকেট বা দালাল চক্র চলবে না। কেউ বিএনপির নেতাকর্মী বা আত্মীয় পরিচয় দিয়েও যদি অনিয়ম করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমি যতদিন আপনাদের প্রতিনিধি থাকবো, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাবো। আপনারাও নিজ নিজ দায়িত্ব সৎভাবে পালন করবেন। কোনো দুর্নীতি, অনিয়ম বা হয়রানি বরদাস্ত করা হবে না।”
স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হিমেল খান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান।
সভা শেষে এমপি আব্দুল মান্নান নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, চিকিৎসক-নার্সদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। রোগীদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।