কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:১৯
কোটালীপাড়ায় ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ বাজারে বণিক সমিতির উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা। মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পূজার উদ্বোধন করা হয়।
পূজাকে কেন্দ্র করে কালিগঞ্জ বাজার এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মণ্ডপজুড়ে মনোরম আলোকসজ্জা, প্রতিমার নান্দনিক সাজসজ্জা এবং ধর্মীয় সংগীতের সুরে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় বণিক সমিতির ব্যবসায়ী, ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিদিনই পূজা মণ্ডপে ভিড় বাড়ছে।
আয়োজক সূত্রে জানা যায়, টানা চারদিনব্যাপী এ পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে রয়েছে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা, আরতি, প্রসাদ বিতরণ এবং বিশেষ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় ভক্তিমূলক সংগীত ও আরতি অনুষ্ঠিত হচ্ছে, যা ভক্তদের মাঝে ভক্তি ও আনন্দের আবহ তৈরি করছে।
পূজা উদযাপন উপলক্ষে সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস জানান, কোটালীপাড়া উপজেলায় বাসন্তী পূজা তুলনামূলকভাবে কম অনুষ্ঠিত হয়। অধিকাংশ ক্ষেত্রে শারদীয় দুর্গা পূজাই বেশি আয়োজন করা হয়।
আগামী শনিবার সকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শ্রী শ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা। পূজাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।