মোঃ তারাজুল ইসলাম, নীলফামারী জলঢাকা প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৯:০২
জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের এডহক কমিটি গঠন
নীলফামারীর জলঢাকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে “জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদ”-এর এডহক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব জলঢাকার সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, ফহমিদ ফয়সাল (কমেট) চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান এবং থানা প্রতিনিধি এসআই আবু হাসান। এছাড়া উপস্থিত ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, জলঢাকা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার এবং বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ আল হাসানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সভায় প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী “জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদ”-এর এডহক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে প্রেসক্লাব জলঢাকার সভাপতি মোঃ কামরুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে প্রেসক্লাব জলঢাকার সাবেক সভাপতি মাহাবুবার রহমান মনিকে মনোনীত করা হয়।
বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে জলঢাকার সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।