মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৪
কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২
মৌলভীবাজারের কুলাউড়া থানায় জেলা পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দিতে গিয়ে মইনুল ইসলাম চৌধুরী সামাদ নামে এক যুবক ও জেসমিন আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে থানা চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটক সামাদ কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ও চৌধুরী বাজারের ব্যবসায়ী। অন্যদিকে জেসমিন আক্তার একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আক্তারের সাথে তার তালাকপ্রাপ্ত স্বামী মাহতাব মিয়ার দীর্ঘদিনের আইনি বিরোধ চলছে। স্বামী যাতে বিদেশে যেতে না পারেন, সেই তদবির নিয়ে নগদ দুই লাখ টাকাসহ সামাদ চৌধুরীকে সাথে নিয়ে থানায় আসেন জেসমিন।
ঘটনার সময় থানায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের বার্ষিক পরিদর্শন চলছিল। জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের সাথে কথা বলার একপর্যায়ে সামাদ চৌধুরী কৌশলে দুই লাখ টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে ফেলেন। এরপর বাকি ৪০ হাজার টাকা পুলিশ সুপারকে ঘুষ হিসেবে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তাৎক্ষণিক তাদের দুজনকে টাকাসহ আটকের নির্দেশ দেন। এসপি জানান, জেসমিন আক্তার গত কয়েকদিন ধরেই দেখা করার জন্য তাকে ফোনে অনুরোধ করছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় পুরো কুলাউড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।