মোহাম্মদ মোকাররম হোসেন সাবু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:০৯
বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না: আইনমন্ত্রী আসাদুজ্জামান
সারা দেশব্যাপী নদী-নালা ও খাল-জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৬ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ খনন কাজের উদ্বোধন করা হয়।
এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের কালি শুকানোর আগেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।” তিনি জানান, খাল পুনঃখনন হলে প্রায় ১০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সৃষ্টি হবে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পুষ্টি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, খালে মাছ চাষের মাধ্যমে স্থানীয় মানুষের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় আগামী পাঁচ বছরে সরকার ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।