মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৫:৫৭
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে এই হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করছেন। সে সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরবর্তীতে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙারও চেষ্টা জানান।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বাইরের কাজে ব্যস্ত ছিলেন। বিকেলে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাঠের দরজার কিছু অংশ পোড়া দেখতে পান তাঁরা। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীরা নিজেরাও ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।