নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ বিকাল ০৪:৫১:৪৫
নাটোরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ চলমান
শনিবার (২০ জুন) সকালে বাগাতিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিলগোপালহাটি গ্রামে হাফিজুলের বাড়ি থেকে হরিরামপুর খাল অভিমুখী কাঁচা রাস্তা এইচবিবি (হেরিংবোন বন্ড) পদ্ধতিতে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল বারী, ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান, সেলিম রেজা, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, যুবদল নেতা আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিলগোপালহাটি গ্রাম দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়া সত্ত্বেও রাস্তাটি কাঁচা থাকায় বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি উন্নয়ন হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
গ্রামবাসীরা বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এলাকায় এসে উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন শুরু হওয়ায় তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।