হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ১০:৫১:২৭
বিজয়নগর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বিজয়নগর উপজেলা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার খাল খনন কর্মসূচির আওতাধীন বোয়ালিয়া খাল পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা পরিষদ কার্যালয় ও বিজয়নগর থানা ঘুরে দেখেন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে এ বিষয়ে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেলা প্রশাসকের এ পরিদর্শন জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।