নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৭:৪৯:২৫
নাটোরে বিশেষ বরাদ্দে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
বুধবার (১৭ জুন) বাগাতিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিগরী দিয়াড়পাড়া এলাকায় হামিদের বাড়ি থেকে আজগর মোড় পর্যন্ত কাঁচা সড়ক এইচবিবি (হেরিংবোন বন্ড) করণ কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিশেষ অর্থ বরাদ্দে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য রুমি খাতুন, ইউপি সদস্য হাফিজুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা স্বাধীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টকর হয়ে উঠত।
তারা বলেন, গ্রামটি দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। সড়কটি উন্নয়ন হওয়ায় স্থানীয়দের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।