কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৩:১২
আখাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগরের চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হন চালক প্রান্তুস দাস। পথে আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের উত্তরে পৌঁছালে যাত্রী সেজে থাকা ইয়াছিন মিয়া ছুরি দেখিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন কেশব দাস বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তন্তর বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌমহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় সুমন চিশতি ও মামুন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।