নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৫২:৪৪
গঙ্গাচড়ার আলোচিত হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলোচিত আখেরুল ইসলাম ওরফে আখের হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। যৌথ অভিযানে মামলার মূল আসামি আব্দুল বাতেন (৪০)কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল বাতেন গঙ্গাচড়া সদরের ভুটকা গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানায় দায়েরকৃত মামলা নং-০৭/৩৯৮ (তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫), দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় রুজু হওয়া মামলার তদন্তে আব্দুল বাতেনকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও গঙ্গাচড়া মডেল থানার সমন্বয়ে গঠিত একটি দল ২৫ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৩২ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম মালিপের বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত তার পিছু নেয়। একপর্যায়ে বাঁশঝাড়ের আড়াল থেকে বের হয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর আব্দুল বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মামলার মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।