শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:০২:৩৫
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি প্রার্থী ২ জন ও সাধারণ সম্পাদক প্রার্থী ৩ জন
মতলব উত্তর প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ২৬ বছর পর এই নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা।
২০০০ সালে উপজেলার তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সংগঠনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে এবার নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সদস্যদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম লাভলু এবং দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি সফিকুল ইসলাম রানা।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, এশিয়ান টিভির প্রতিনিধি সুমন আহমেদ এবং দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হাসান রাব্বি।
সহ-সভাপতি পদে প্রার্থীরা হলেন—জহিরুল হাসান মিন্টু, জাকির হোসেন রিপন, দ্বীন ইসলাম, দৌলত হোসেন আবির ও শহিদুল ইসলাম খোকন।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নুর মোহাম্মদ খান, রিটার্নিং অফিসার সাইদুর রহমান শিবলু এবং নির্বাচন কমিশনার মো. হুমায়ুন কবির।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী সোমবার (২০ এপ্রিল) এবং ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা হবে শুক্রবার (২৪ এপ্রিল)। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে প্রার্থীরা জোর প্রচারণা শুরু করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়, মতবিনিময় সভা এবং বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।
সিনিয়র সাংবাদিকদের মতে, দীর্ঘদিন পর এই নির্বাচন প্রেসক্লাবে গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত করবে এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে। সাধারণ সদস্যরাও আশা করছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যা মতলব উত্তর প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।
উল্লেখ্য, মতলব উত্তর প্রেসক্লাব ২০০০ সালে পৌরসভার ছেংগারচর বাজারে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি মাহবুব আলম লাভলু দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বোরহান উদ্দিন ডালিম ৬ বছর সভাপতির দায়িত্বে ছিলেন।