শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ০৮:৩৭:২২
মতলব উত্তরে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানের ২২ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজার ও আমিরাবাদ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে ইমরান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে কুটুম বাড়ি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় আল মদিনা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে মোল্লা ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা এবং রাই ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি টিম সহযোগিতা করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।