ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৫:২১:১৮
ভৈরবে আন্তনগর ট্রেন থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
আটক তুফাজ্জল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আবুল খায়েরের ছেলে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করলে ট্রেনের পেছনের একটি বগিতে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। এ সময় ট্রেনের ছাদে অবস্থানরত তুফাজ্জলকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৯টি পোটলায় রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক তুফাজ্জলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।