সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ রাত ০৯:০৭:৫৫
সাভারে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মার্কেটে প্রশাসক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মার্কেটে প্রশাসক নিয়োগ বাতিল, দ্রুত নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অংশ নেন।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার বলেন, অবৈধ প্রশাসক মানি না, মানবো না। দ্রুত প্রশাসক নিয়োগ বাতিল করে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
এ সময় বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত কমিটি ছাড়া মার্কেটের দোকানভাড়া উত্তোলনের কোনো বৈধতা নেই। অবৈধভাবে কেউ ভাড়া আদায় করলে পরবর্তী নির্বাচিত কমিটি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির পাশাপাশি মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।