মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৫:১৪
বগুড়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শহরের জিলা স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
শোভাযাত্রায় নারী-পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। তাঁদের আনন্দ-উচ্ছ্বাসে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে জন্মাষ্টমী পালিত হয়।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।