দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ১০:১৪:০২
দেলদুয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স’ মিল পুড়ে ছাই
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স’ মিল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পুটিয়াজানি বাজারে আব্দুল আউয়াল সরকারের মালিকানাধীন স’ মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে স’ মিলে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন পুরো স’ মিলে ছড়িয়ে পড়ে।
এ সময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন কলস, বালতি ও জগে করে টিউবওয়েল ও পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই আগুনে স’ মিলের কাঠ, যন্ত্রপাতিসহ সবকিছু পুড়ে যায়।
খবর পেয়ে দেলদুয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ সময় দেলদুয়ার থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
অগ্নিকাণ্ডে স’ মিলে থাকা কাঠ ও যন্ত্রপাতিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করছে।