ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬ বিকাল ০৩:৩৬:০৯
জামালপুর সীমান্তে এক ভারতীয়কে ‘পুশইন’ চেষ্টা রুখে দিলো বিজিবিসহ স্থানীয় জনতা
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া রামরামপুর ১০৮২ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতীয় এক নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে তর্কাতর্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এদিকে সীমান্তে পুশ-ইনের ঘটনা ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তবাসীর দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের পুশ-ইনের একাধিক অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন স্থানে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।