নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩০:৪১
নড়াইলে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে তোলা হলো পতাকা
নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগজ্ঞ বাজারে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগানে প্রবেশের পর জাতীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ সময় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে দুপুরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীম বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’ এই স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছি। তবে এ ঘটনায় যদি আমার ফাঁসি হয় তাতে কোনো আপত্তি নেই।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।