রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৩:৫১
শফিকুল ইসলাম সাজুর দাফন সম্পন্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বড় মামা শফিকুল ইসলাম সাজুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শফিকুল ইসলাম সাজু বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শফিকুল ইসলাম সাজু জাকের পার্টির বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহসভাপতি ছিলেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে ফয়সাল বিন শফিক সনি জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
তাঁর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।