হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪১:১০
নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে প্রাণ গেল মানুষের প্রিয় হরিণ ‘বিজলী’র
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী হরিণটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হয় বিজলী। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। একপর্যায়ে আহত অবস্থায় হরিণটির মৃত্যু হয়। পরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার দুপুরে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে তাকে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে বনের ভেতর অসুস্থ অবস্থায় পাওয়া যায় বিজলীকে। পরে তাকে নামার বাজার এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে দুধ পান করানোসহ প্রয়োজনীয় পরিচর্যা ও স্নেহ-মমতায় ধীরে ধীরে বড় করে তোলা হয় হরিণটিকে। মানুষের সঙ্গে দীর্ঘদিনের সখ্য গড়ে ওঠায় লোকালয়েই অভ্যস্ত হয়ে পড়ে সে। এরপর থেকে দ্বীপের বিভিন্ন এলাকায় স্বাধীনভাবে ঘুরে বেড়াত বিজলী।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিজলী হয়ে ওঠে নিঝুমদ্বীপের মানুষের আপনজন। স্থানীয় বাসিন্দারা তাকে নিয়মিত খাবার দিতেন, আদর করতেন। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও ছিল তার আলাদা পরিচিতি। দ্বীপে বেড়াতে আসা অনেক পর্যটক বিজলীকে দেখার পাশাপাশি তার সঙ্গে সময় কাটাতেন।
দীর্ঘদিনের এই পরিচিতি ও ভালোবাসার কারণে স্থানীয়দের কাছে সে কেবল একটি বন্য প্রাণী নয়, বরং দ্বীপের স্মৃতির অংশ হয়ে উঠেছিল।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়েছিল। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন বিভাগের পক্ষ থেকে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বিজলীর মৃত্যুতে নিঝুমদ্বীপের বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের সান্নিধ্যে থাকা এই হরিণটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়ছেন অনেকে। দ্বীপের মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা বিজলী আর লোকালয়ের পরিচিত পথে ঘুরে বেড়াবে না—এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।