নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৪:০৪
মেগা প্রকল্পের আড়ালে ‘মেগা দুর্নীতি’ করেছে আওয়ামী লীগ সরকার: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে টেকসই ও জনকল্যাণমূলক উন্নয়ন হয়নি; বরং তথাকথিত ‘মেগা প্রকল্প’-এর আড়ালে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। তিনি বলেন, এই দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাহাব উদ্দিন সাবুর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে দেশে একের পর এক বড় বড় প্রকল্প নেওয়া হলেও সেগুলোর প্রকৃত সুফল সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের জনগণ পায়নি। তার অভিযোগ, অনেক প্রকল্প ছিল অপ্রয়োজনীয় বা সময়োপযোগী নয়, আবার কিছু প্রয়োজনীয় প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, “এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে। এতে জনগণের কষ্টার্জিত অর্থ অপচয় হয়েছে এবং একটি শ্রেণি লাভবান হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির এই চক্র ভাঙতেই হবে।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করবে না। জেলা পরিষদ, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডিসহ সব সরকারি দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, দায়িত্বপ্রাপ্তদের নিজ নিজ দপ্তরের অনিয়মের দায়ভার নিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে অত্যন্ত সতর্ক। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে—সে সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তি—তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্যে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের সংকটের বিষয়ও তুলে ধরেন। লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা একটি বেসরকারি ব্যাংকে আটকে থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। শুধু একটি নয়, দেশে আরও ৭-৮টি ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের কারণে অচল অবস্থায় রয়েছে। ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সকলের আন্তরিকতা, সততা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করার জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল ঘোষ এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।