নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৭:৫৯
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনা: নারীসহ নিহত ২
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা নামে এক নারীসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২২ ফেব্রয়ারি রবিবার সকাল ও ২১ ফেব্রুয়ারি শনিবার রাতে সদর উপজেলার সিংগিয়া ও সোনাহার গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিংগিয়া গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী রহিমা (৬৫) ও সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন (৮০)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে সদর উপজেলার সিংগিয়া গ্রামর একটি সড়কে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এদিকে শনিবার বিকেলে একই উপজেলার সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুটি সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।